জয়ব্রত দাস এর ছবি ‘দ্য একাডেমি অফ ফাইন আর্টস’ নাকি প্রতারণা করে বানানো! এরকমই দাবি করছেন অনেকে। আবার কেউ বলছেন টলিউডে চলছে মাফিয়াগিরি! নবাগত পরিচালকের এই ছবি নিয়ে তোলপাড় টলিপাড়া সহ নেট দুনিয়া।
কিন্তু এই ছবির মুক্তি নিয়ে এখন শুরু হয়েছে নানা জটোলা। ছবির মুক্তিতে বাধা দিচ্ছে ফেডারেশন। ১৪ই নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল “দ্য একাডেমি অফ ফাইন আর্টস” ছবিটির। কিন্তু ফেডারেশনের দাবি , ছবির পোস্টারে যেই “প্রমোদ ফিল্মসের” নাম রয়েছে , সেই সংস্থার সঙ্গে বৈঠকের পরই এই প্রক্রিয়া এগোবে। পরিচালকদের দাবি এই ছবিটি পুরোটাই ছাত্রদের বানানো ছবি , এতে “প্রমোদ ফিল্মস” খুব অল্প সময়ের জন্য যুক্ত ছিল।
কিন্তু ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস এর দাবি – একটি বাণিজ্যিক ছবিকে “স্টুডেন্ট ফিল্মস” বলে চালানো হচ্ছে। পরিচালক জানান ছবিটি তৈরি করেছে এসআরএফটিআই এর ছাত্রছাত্রীরা , যার বাজেট ২৫ লক্ষ টাকা। এতেই প্রশ্ন তুলেছেন স্বরূপ বিশ্বাস। তাঁর দাবি “প্রমোদ ফিল্মসের” কাছে বাংলার কলাকুশলীরা লক্ষ লক্ষ টাকা পান। এছাড়াও ছবির বাজেট ও প্রচারের জন্য যে খরচ হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ফেডারেশন সভাপতি। তাঁর কথায় এটি পুরোটাই বাণিজ্যিক ছবি। তিনি বলেন বাংলার সাতটি চেনা মুখ আছেন এই ছবিতে তাঁরা কি সবাই বিনা পারিশ্রমিকে কাজ করেছেন? এই উত্তরে অবশ্য পরিচালক জানিয়েছেন , রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস , দর্শনা বণিক , পায়েল সরকার কেউই কোনো পারিশ্রমিক নেননি। তাঁরা ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং বাংলা সিনেমার উন্নতির কথা ভেবেই কাজ করেছেন। স্বরূপ বিশ্বাসের পাল্টা প্রশ্ন , শহরের নামী রেস্তোঁরায় ছবিটি শুটিং হয়েছে – কোন টেকনিশিয়ানরা কাজ করেছেন ? সবটাই কি এসআরএফটিআই এর ছাত্ররা করেছে ? গত এক মাস ধরে যে ছবির প্রচার চালানো হচ্ছে তার খরচও কি পরিচালক নিজের পকেট থেকে দিচ্ছেন ?
অভিনেতা রুদ্রনীল ঘোষ বলছেন – একটি ছবির মুক্তির জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র প্রয়োজন হয় যেটা এই ছবির আছে। তাই অন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাঁর আশঙ্কা কোথাও একটা ষড়যন্ত্র চালানো হচ্ছে। ছবিটি ভালই সাড়া ফেলেছিল দর্শকমহলে, তাই হয়তো কেউ ষড়যন্ত্র চালিয়েছে।
Tollyworld। Edited By: Priti Karmakar
Jan 03, 2026









