সম্প্রতি, এ আর রহমানের অভিযোগ নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান অভিযোগ করেছেন যে, বলিউডে তাকে যথেষ্ট পরিমাণ কাজ দেওয়া হচ্ছে না এবং এর নৈপথ্য সাম্প্রদায়িক কোনো কারণ থাকতে পারে। গায়কের এই বিতর্কিত মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছে সমাজ মাধ্যম জুড়ে। এবার মুখ খুললেন গায়ক শান নিজেই। গায়ক শানের কথায়, এই শিল্প সম্প্রদায়িক বা অগ্রাধিকারমূলক ভিত্তিতে কাজ করে না। তাঁর কথায়, সংগীত নির্বাচন সৃজনশীল ফিট দ্বারা পরিচালিত হয় – পরিচয় দ্বারা নয়।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ক কে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছিলেন , গত আট বছরে হিন্দি সিনেমার প্রেক্ষাপট বদলেছে। তাঁর মতে , সৃজনশীল মানুষের হাত থেকে ক্ষমতা এখন এমন কিছু মানুষের কাছে চলে গেছে যাদের শিল্পের বোধ নেই। সেখানেই তিনি ইঙ্গিত দেন যে তার কাজ না পাওয়ার পেছনে সাম্প্রদায়িক কারণ থাকলেও থাকতে পারে। সরাসরি না বললেও পরোক্ষভাবে এমন কথা তার কানে এসেছে বলে দাবি করেছিলেন এই কিংবদন্তি সুরকার। এই প্রসঙ্গে কাজের অভাব নিয়ে বলতে গিয়ে শান বলেন “কাজের কথা বললে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ কেরিয়ারে এত গান গেয়েছি তবুও এখন মাঝে মাঝে আমিও কাজ পাই না। কিন্তু আমি সেটাকে ব্যক্তিগতভাবে নিই না। কারণ কাজ পাওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা এবং পছন্দ রয়েছে। সঙ্গীতে কোন সাম্প্রদায়িক বা সংখ্যালঘু আছে বলে আমি অন্তত মনে করি না।” তিনি আরও যোগ করেন “গান এভাবে চলে না – যদি তাই হতো তবে গত ৩০ বছর ধরে আমাদের যে তিন সুপারস্টার ( তিন খান) রাজত্ব করছেন তারা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তারা আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। তাই ভালো কাজ করা এবং ভালো গান তৈরির দিকেই মন দেওয়া উচিত। এসব নিয়ে অহেতুক চিন্তাভাবনা করা অর্থহীন।” শানের মতে কোন গায়ককে নেওয়া হবে তা নির্ভর করে গানের প্রযোজনের উপর, তিনি বলেন “প্রত্যেকের নিজস্ব মতামত থাকে। কোন একটি গানের পেছনে নির্দিষ্ট ভাবনা থাকে এবং সেই অনুযায়ী সুরকার বা প্রযোজক সিদ্ধান্ত নেন। কেউ বলবেন সিদ্ধান্ত ঠিক, কেউ বলবেন ভুল। এই বিতর্কে জড়িয়ে কোন লাভ নেই।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 17, 2026









