ভালোবাসার দিনে চার হাত এক করার গল্পে যোগ দিলেন রনজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। বিয়ে করছেন টলিউডের এই অভিনেতা অভিনেত্রী। সাত পাকে ঘুরে আনুষ্ঠানিক বিয়ে সারবেন ভ্যালেন্টাইন্স ডে তেই। যুগলের পরিবারসহ টলিউডের আরো অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে, সার্দান অ্যাভিনিউ সংলগ্ন এক বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান।
গুড্ডি ধারাবাহিকে একসাথে কাজ করার পর থেকেই দারুন রসায়ন দেখা গিয়েছে তাদের মধ্যে। তবে দুজনের সম্পর্কের বিষয়টা জনসমক্ষে আসেনি প্রথমে। গত এক বছরে বাংলা ছবির দুনিয়ায় সকলেই নিশ্চিত হয়ে গিয়েছে তাদের সম্পর্ক নিয়ে। প্রেমের পর অবশেষে ফেব্রুয়ারিতেই তার পরিণয়। শ্যামৌপ্তি অভিনীত ওয়েব সিরিজ রুক্মিনী ভবন দর্শকের একাংশের মন ছুঁয়েছে। এই মুহূর্তে নতুন অন্য একটি ছবিতে কাজ করছেন অভিনেত্রী। অন্যদিকে, শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে রনজয় একটি সুপারহিট ধারাবাহিক শেষ করেছেন কিছুদিন আগেই। পরবর্তী কোন ধারাবাহিকে কাজ করবেন অভিনেতা, তা এখনো নিশ্চিত নয়। যাইহোক, কেউ কাজ মিটিয়ে এবং কেউ বিয়ে সেরে কাজে ফিরবেন। টলিপাড়ার এই বিয়ের আসর যে জমজমাট হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই।
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 14, 2026









