সম্প্রতি, মুক্তি পেয়েছে দেবের ‘প্রজাপতি ২’। এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসে ‘দেশু’ জুটি নিয়ে মুখ খোলেন দেব। চলতি বছরেই ফিরতে চলেছে, দেব-শুভশ্রী জুটি! তাদের শেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে ২০২৫ সালে। তাও সিনেমা শ্যুটিং এর ১০ বছর পরে। অনেকেই মনে করেছিলেন, এটাই বোধহয় দেব আর শুভশ্রীর কেরিয়ারের জুটি হিসেবে শেষ ছবি।
দেব আর শুভশ্রীর সম্পর্কের কথা সবার জানা। তাঁদের প্রেমের কথা জানত গোটা বাংলা। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ২ জনেই নিজের নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। তাঁদের ২ সন্তান রয়েছে। অন্যদিকে, দেব ও সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রর সঙ্গে। ধূমকেতু কে নিয়ে প্রবল উত্তেজনা দেখা গিয়েছিল দেব শুভশ্রীর অনুরাগীদের মধ্যে। সেই সময় ও অনেক ভালোবাসা পেয়েছিল দেশু জুটি। তাই আবারও এই জুটিকে এক ফ্রেমে আনার পরিকল্পনা করা হয়েছে।
‘প্রজাপতি ২’ এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসে, ‘দেশু’ জুটি নিয়ে দেব বলেন ” ‘দেশু’-কে মানুষ ভালবাসেন। এখনও পর্যন্ত আমি আর শুভশ্রী ৬টা ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমাদের ৭ নম্বর ছবি যেটা আসবে, সেটা আগের ৬টা ছবিকেও ছাপিয়ে যাবে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে চিত্রনাট্যের। যেহেতু এখনও ছবির প্রযোজনার দায়িত্ব শুধুমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হাতেই রয়েছে, তাই আমার দায়িত্বটা অনেক বেশি। এখনও পর্যন্ত আমরা পরিচালক বা অন্যান্য কাস্টিং নিয়ে, ছবির বিষয়বস্তু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। সব ঠিক হলে, একটা সাংবাদিক সম্মেলন করে আমরা গোটা বিষয়টা সামনে আনব।” ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির প্রিমিয়ারে, রাজ চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দেব আর শুভশ্রী জুটির আগামী ছবি পরিচালনা করছেন কি না। রাজ সেই প্রশ্ন এড়িয়ে যান। কিন্তু এই বিষয়ে দেব বলেন,” ‘দেশু জুটি নিয়ে প্রশ্ন করতে হলে আমায় বা শুভশ্রীকে করুন। অন্য পরিচালক বা অন্য অভিনেতাদের কেন? এই বিষয়টা নিয়ে আমি বা শুভশ্রী ছাড়া আর কেউই কথা বলতে পারবে না।” দেব-শুভশ্রী জুটি তৈরি হয়েছিল রাজ চক্রবর্তীর হাত ধরেই। তাই তাঁদের সপ্তম ছবি কি পরিচালনা করবেন রাজ? এই বিষয়টি জানতে উৎসুক ছিল অনুরাগী মহল। তবে দেব জানান, “রাজ এই সময়ের অন্যতম ভাল একজন পরিচালক। ভীষণ বুদ্ধিমত্তা দিয়ে, খুব ভাল কাজ করেন। ওকে সবসময়ের জন্য শুভেচ্ছা। তবে আমরা এখনও পরিচালক চূড়ান্ত করতে পারিনি। কথাবার্তা চলছে, দেখা যাক।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 09, 2026









