“আমার কাছে টাকা নেই, আমার কাছে বন্ধুও নেই” – আবেগঘন বক্তব্য রাজপাল যাদবের। ৯ কোটি টাকার ঋণ ও চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করে যাওয়ার ঠিক আগে অভিনেতা রাজপাল যাদব এক স্বীকারোক্তিতে জানান, তিনি চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছেন এবং তার পাশে দাঁড়ানোর মত কেউ নেই।

আইনি বিষয় নিয়ে রাজপাল যাদব কে প্রশ্ন করা হলে তিনি বলেন “স্যার আমি কি করবো আমার কাছে টাকা নেই আর কোন উপায় দেখতে পাচ্ছি না।” এমন পরিস্থিতিতে রাজপাল যাদবের পাশে দাঁড়ালেন অভিনেতা সনু সুদ। অভিনেতা তার সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে রাজপাল যাদবকে অফার দেন এবং আর্থিক সহায়তার জন্য একটি সাইনিং অ্যামাউন্ট দেওয়ার কথা জানান। একই সাথে ইন্ডাস্ট্রির অন্দরের অন্যান্য সদস্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন। সোনু সুদের কথায় , “রাজপাল যাদব একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা, যিনি আমাদের ইন্ডাস্ট্রিকে বহু বছর ধরে অবিস্মরণীয় কাজ উপহার দিয়েছেন। কখনো কখনো জীবন কঠিন হয়ে ওঠে – প্রতিভার অভাবে নয় বরং সময়টা নির্মম হয়ে পড়ে বলেই। তিনি আমার ছবির অংশ হবেন এবং আমি বিশ্বাস করি এখনই সেই সময়, যখন আমাদের সকলের প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের একসঙ্গে দাঁড়ানো উচিত।” তিনি আরো জানান, “আমাদেরই একজন যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন ইন্ডাস্ট্রির দায়িত্ব তাকে মনে করিয়ে দেওয়া যে সে একা নয়। এভাবেই আমরা প্রমাণ করি যে আমরা কেবল একটি ইন্ডাস্ট্রি নয়।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 10 , 2026









