মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে রবিবার কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এক বিশেষ শিল্প-অনুষ্ঠান। Silpi Sangsad এবং Artizlive, Kolkata-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহানায়ক উত্তম কুমারের (১৯২৬–২০২৬) চলচ্চিত্রজীবন ও অবদানকে কেন্দ্র করে একটি বিশেষ মিউজিয়াম-গ্রেড আর্ট ইনস্টলেশন এবং সীমিত সংস্করণের কালেক্টর’স সেট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রত্না ঘোষাল-সহ শিল্প ও সংস্কৃতি জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে মাধবী মুখোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করা হয়।


এই বিশেষ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল উত্তম কুমারের দীর্ঘ চলচ্চিত্রজীবনের স্মৃতি ও তথ্যকে কেন্দ্র করে তৈরি একটি ৪৮×৪৮ ইঞ্চির দ্বিমুখী অ্যাক্রিলিক আর্ট ইনস্টলেশন। শিল্পকর্মটি একটি ঐতিহ্যবাহী শিল্পীর ইজেলের উপর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মহানায়কের প্রায় ২৫০টি দুর্লভ ও সংগ্রহযোগ্য চলচ্চিত্রের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে আরও প্রদর্শিত হয় উত্তম কুমারকে কেন্দ্র করে তৈরি একটি বিশেষ Centenary Collector’s Pack। সীমিত সংখ্যক এই কালেক্টর’স সেটে মহানায়কের চলচ্চিত্রজীবনের সঙ্গে সম্পর্কিত ২৫০টি বিরল সেফটি ম্যাচবক্সের প্রতিরূপ সংকলিত হয়েছে। পুরো সংগ্রহটি পাঁচটি কফি-টেবিল-বুকের আদলে তৈরি আর্কাইভাল ভলিউমে সাজানো হয়েছে, যেখানে প্রতিটি ভলিউমে ৫০টি করে ম্যাচবক্স রয়েছে।

অনুষ্ঠানে Silpi Sangsad-এর সভাপতি ঋতুপর্ণা সেনগুপ্ত আনুষ্ঠানিকভাবে মাস্টারপিস ও কালেক্টর’স সেট উন্মোচন করেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর অভিনয়জীবন, জনপ্রিয়তা এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শুধু একটি শিল্পকর্মের উন্মোচন নয়, বরং উত্তম কুমারের স্মৃতি, চলচ্চিত্র এবং বাঙালির আবেগকে একত্রে ধরে রাখার একটি অভিনব প্রয়াস হিসেবেই এদিনের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য বহন করে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Oct 04, 2026









