জীবন চলে নানান ওঠা নামার মধ্য দিয়ে। জীবনের সব লড়াই সামলে আবার উঠে দাঁড়ানোর নামই হয়তো জীবন। আর তার একটি উদাহরণ হলেন অনু আগরওয়াল। নানান বাধা পার করে নিজের জীবনকে আবারও সাজিয়ে তোলার নামই হয়তো অনু আগরওয়াল। দুর্ঘটনার পর বদলে গিয়েছিল জীবন। বদলে গিয়েছিল মুখশ্রী। তবে আবারও ফিরেছেন নিজ ছন্দে। আবারও হাসিমুখে ধরা দেন ছবিশিকারিদের সামনে। অভিনেত্রী কিভাবে সামলেছেন নিজেকে?

‘আশিকি’ ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অনু আগরওয়াল। নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী। মিউজিক্যাল ব্লকব্লাস্টার এই ছবির নায়িকা কে আলাদা করে মনে রেখেছিল ইন্ডাস্ট্রির সহ দর্শকরাও। এরপর তিনি ‘কিং আংকেল’, ‘গজব তামাশা’ -এর মত ছবি দিয়ে বেশ ছন্দে এগোচ্ছিল তাঁর কর্মজীবন। তবে এরপরই ঘটে অঘটন। সালটা ছিল ১৯৯৯ সাল। এক দুর্ঘটনা যেন লহমায় বদলে দেয় অনুর জীবন। কোমায় ছিলেন এক মাস। যখন জ্ঞান ফিরে পেলেন, তখন বদলে গেছিল তাঁর মুখশ্রী। শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন নায়িকা। তবে রুখে দাঁড়িয়েছিলেন জীবন সংগ্রামে। শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও বলিউডে আর ফেরেননি তিনি। বলা ভালো , বলিউডে আর সুযোগ হয়নি নায়িকার। এরপরও নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন নায়িকা। শুরু করেছিলেন যোগপ্রশিক্ষকের কাজ। এরপর তিনি বেশ অনেকসময় কাটিয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে বিনা পারিশ্রমিকে বহু বছর বাচ্চাদের যোগব্যায়াম শিখিয়েছেন। অনু ভেবেছিলেন আর কোনোদিন মুম্বই ফিরবেন না , তবে তিনি মুম্বই ফিরেছেন বছর তিনেক আগে। হয়তো রুপোলি জগতের টান তাঁকে ফিরিয়েছে স্বপ্নের শহর মুম্বইতে। সেখানে হাসি মুখে ধরা দেন ছবিশিকারিদের সামনে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আসলে শুধু চেহারা বদলে গিয়েছিল এমন নয়। মানুষ যদিও শুধু আমার চেহারা নিয়ে কথা বলত, কিন্তু পুরো শরীরটা যেন নড়ে গিয়েছিল আমার। অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। তবে যোগ ব্যায়াম ও নিয়ন্ত্রিত জীবনযাপন আমাকে অনেক সাহায্য করেছে। আসলে আমি ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী। আর যাই হোক, আমি কাজ থামায়নি। আর সেটাই আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 21, 2026









