গান গেয়ে এবার বিপাকে পড়লেন বাদশা। তাঁর বিরুদ্ধে জারি করা হলো ‘লুক আউট’ নোটিস। সমাজ মাধ্যমের পাতা থেকে সরিয়ে দেওয়া হলো তাঁর গান। নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিত পূর্ণ গান বানিয়েছেন বলে অভিযোগ বাদশার বিরুদ্ধে। হরিয়ানা পুলিশের সমাজমাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হল গায়ককে। হরিয়ানার পঞ্চকুলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৬, ৩ এবং ৪ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। শুনানির জন্য তলব করা হয়েছে ১৩ ই মার্চ , সকাল ১১ টায়।

বাদশার হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টটীরি’ নিয়ে শুরু হয়েছে গোলযোগ। এই গানে নাকি স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে, যারা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সঙ্গে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীর দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এছাড়াও আপত্তিকর ভাষা প্রয়োগের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। শুক্রবার পঞ্চকুলার সেক্টর ২০ এর সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামের এক ব্যক্তি প্রথম অভিযোগ জানান। এছাড়াও হরিয়ানা মহিলা কমিশনও বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সংগঠনের অভিযোগ ভারতীয় সংস্কৃতি রীতিনীতি এবং শালীনতার সঙ্গে এই গান একেবারে বেমানান। আপত্তিকর ভাষা প্রয়োগ এবং ভিডিও প্রকাশে আপত্তি জানিয়েছেন তারা। এই অশ্লীল ও আপত্তিকর গান গাওয়ার জন্য বাদশার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করা হয়েছে। অর্থাৎ যে কোন মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন গায়ক।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 08, 2026









