‘ফসিলস ৭’ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভক্ত মহলে। ফসিলস্ এর ভক্ত সংখ্যা এমনিতেই বিপুল। বাংলার রক ব্যান্ডকে ব্যাপক ভালোবাসা দিয়ে এসেছে জনগণ। এবার মুক্তি পেয়েছে ফসিলস ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফসিলস ৭’। মুক্তির ২ দিনের মাথায় ব্যাপক সাফল্য পেয়েছে এই অ্যালবামটি। আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম ‘আইটিউনস’ -এ এক নম্বরে জায়গা করে নিয়েছে ‘ফসিলস ৭’। তবে এটি যে শুধুমাত্র বাংলা গানের মধ্যে তা নয় , বরং দেশের সমস্ত ঘরানা ও শিল্পীদের মধ্যে টানা অনেকক্ষণ প্রথম স্থান অধিকার করে থাকলো ‘ফসিলস ৭’। এই প্রসঙ্গে ব্যান্ডের তরফ থেকে ম্যানেজার রূপসা দাশগুপ্ত জানান , “আন্তর্জাতিক না হলেও , আমরা সব সময় নিজেদের গানকে জাতীয় স্তরের বলেই মনে করে এসেছি।” তাঁর কথায়, “একটা জিনিস সত্যিই দেখার। আমরা কিন্তু অনেকটা সময় ধরে এক নম্বরে রয়েছি। তবে দ্বিতীয় স্থান কিন্তু পরিবর্তনশীল। কখনো সেখানে ‘ধুরন্ধর’ ছবির গান, কখনো আবার আমেরিকার পপ রক ব্যান্ড ‘ইম্যাজিন ড্রাগন্স’। আবার শিবরাত্রি উপলক্ষেও বেশ কিছু ভক্তিগীতি বেজেছে, কিন্তু এক নম্বরে ঠায় রয়েছে ‘ফসিলস ৭’।”

ফসিলসের এই আকাশছোঁয়া সাফল্যতা নিয়ে বাংলার বাকি শিল্পীরা কি বলছেন? ‘লক্ষীছাড়া’ ব্যান্ডের গৌরব চট্টোপাধ্যায় তথা ‘গাবু’র কথায়, বরাবরই তার বাংলা গানের উপর ভরসা রয়েছে। ক্রমশ বাংলা গানের জগত এগিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর কথায়, “অবশ্যই ফসিলস এর জনপ্রিয়তা রয়েছে। তাছাড়াও ওদের বিরাট একটা ফ্যানক্লাব রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ওদের অনুষ্ঠানে ভিড় দেখলেই বোঝা যায় ব্যান্ডটা কত জনপ্রিয়। তাই এমন ফলাফল হওয়া খুবই স্বাভাবিক।”এই প্রসঙ্গে ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের উপল সেনগুপ্তের কথা, ” অবশ্যই বাংলা সংগীতের জন্য এটা বড় সাফল্য ফসিলস কে শুভেচ্ছা।” তিনি বলেন , “বাংলা গান খুব জনপ্রিয় হচ্ছে বলে নাকি শুধু ফসিলস এর জনপ্রিয়তার জন্য এমন সাফল্য তা আমি বলতে পারব না। নাকি হঠাৎ বিশ্বব্যাপী মানুষ বাংলা গান শোনা শুরু করেছেন, এটা বলা খুব মুশকিল। এটা সময় বলবে। যারা এ বিষয়ে বিশ্লেষণ করেন তারা বলতে পারবেন।” ‘ফসিলস ৭’ এর সাফল্যে উত্তেজিত ‘পৃথিবী’ ব্যান্ডের কৌশিক চক্রবর্তীও। তিনি জানান, “এটা বড় প্রাপ্তি। বাংলা ব্যান্ডের ভালো মানে আমাদের সবার ভালো। রুপমদা ও ‘ফসিলস’ আসলে আমার কাছে খুব স্পেশাল। অ্যালবাম থেকে ‘ক্ষুধার্ত মাংসাশী’ ও ‘শুনেছি’ গান দুটো খুব ভালো লেগেছে। সত্যিই ওদের বড় সংখ্যক শ্রোতা রয়েছে। সেই শ্রোতা কিন্তু বিশ্বজুড়েই রয়েছে। এই সাফল্যে বাংলা ব্যান্ড ও বাংলা গানের সামগ্রিকভাবে ভালো হচ্ছে বলেই আমি মানি।” দেশের সমস্ত ঘরানা ও শিল্পীদের মধ্যে ‘ফসিলস্ ৭’ এগিয়ে থাকায় নানান শিল্পী নানান মত দিয়েছেন। এই সাফল্য কি তবে বাংলা সংগীত জগতের ভবিষ্যৎ আরও নিরাপদ করলো?
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 17 , 2026









