সম্প্রতি , একটি সাক্ষাৎকারে জন আব্রাহাম জানিয়েছেন, পুরুষসঙ্গই নাকি বেশি পছন্দ করেন তিনি। অভিনেতার বক্তব্য বলিউডের পুরুষ তারকাদের তিনি কখনো প্রতিদ্বন্দ্বী হিসেবে মনেই করেননি। বরং মনে করেছেন একসঙ্গে কাজ করলে বা একসঙ্গে ছবি মুক্তি পেলে আরো ভালো হবে। তাঁর কথায়, “আমি নিজেকে বুঝিয়েছি, আমরা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী নই। আমরা সতীর্থ। আমি কিন্তু আমার পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি অক্ষয় কুমার, শাহরুখ খান, বরুণ ধাওয়ান, অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করেছি। অভিষেককে তো আমি চুমুও খেয়েছি।” পুরুষ তারকাদের সঙ্গে রসায়ন নিয়ে জনের স্পষ্ট বক্তব্য, “আমি পুরুষদের সামনে খুবই সচ্ছন্দ। সেই সৌন্দর্য পর্দায় ধরাও পড়ে।”

বলিউডে কাজ করার সময় তাঁর মনে হয়েছে, বলিউড তাঁকে বরাবর বহিরাগত হিসেবেই দেখেছে। সর্বদাই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাঁকে। তাঁর কথায়, “আমি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছি। যেদিন থেকে শুরু করেছি, সেদিন থেকেই আমি সমালোচিত। ২০০৩ সালে এসেছিলাম বলিউডে। তখন কোন বহিরাগত অভিনেতা ছিলেন না। তার আগে শুধু শাহরুখ খান ও অক্ষয় কুমার এই দুই বহিরাগত অভিনেতা ইন্ডাস্ট্রিতে নাম করেছিলেন। আমি যে পরিমাণ সমালোচনার মধ্যে দিয়ে গিয়েছি, কেউ এতটা সহ্য করেনি।” তবে সব প্রতিকূলতা এবং সমালোচনা সহ্য করেও বলিউডে সবটা নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন অভিনেতা। তাঁর কথায়, ” আমার জন্য বিষয়টা খুব সহজ ছিল। আমি চোখে ঠুলি পড়া একটা ঘোড়ার মত ছিলাম। কোন প্রত্যাশা করতাম না। আমার কোন জনসংযোগ ছিল না। আমার মনে হয় মানুষ আমার সততা আর আমি কোথা থেকে এসেছি সেটা জানে।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 18 , 2026









