এই মুহূর্তে বিশ্বের একাংশে চলছে ধ্বংসলীলা। ইজরায়েল , আমেরিকা ও ইরানের যুদ্ধে প্রাণ হারাচ্ছে মানুষ। এই মুহূর্তে যুদ্ধের জেরে দুবাইতে আটকে রয়েছেন হাজার হাজার বিমনযাত্রী। তাঁদের জন্যই এবার এগিয়ে আসলেন সোনু সুদ। প্রত্যেকবারের মতোই এবারও পরিচয় দিলেন তাঁর উদার মানসিকতা। জাতি-ধর্মকে দূরে সরিয়ে মানবিক রূপ ফুটিয়ে তুললেন সোনু সুদ। ঘোষণা করলেন , যে কেউ থাকতে পারবেন সোনু সুদের আশ্রয়ে।
সম্প্রতি, সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে সোনু সুদের একটি ভিডিও। সেই ভিডিওর মাধ্যমে সোনু সুদ জানিয়েছেন তাঁর এই মানবিক উদ্যোগের কথা। তাঁর কথায় , “বর্তমানে মধ্যপ্রাচ্যের সংকটে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের থাকার জায়গা আছে। আমরা নিশ্চিত করব যাতে আপনারা সেখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকার সুবিধা পান।” তিনি আরও বলেন, “আমার হিন্দুস্তানি ভাই-বোনেরা অথবা যে কোন দেশের নাগরিক যারা এই মুহূর্তে দুবাইয়ে বিপদে পড়েছেন, আমায় সরাসরি মেসেজ করুন। যতক্ষণ না আপনারা সুস্থভাবে নিজেদের দেশে ফিরতে পারছেন আপনাদের থাকার সব দায়িত্ব আমার। জয় হিন্দ।” অর্থাৎ, অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরাসরি মেসেজ পাঠিয়ে সাহায্য চাইতে পারেন ভারতীয়রা এবং যেকোনো দেশের নাগরিকরাও।

সোনু সুদের মানবিক রূপ আমরা আগেও দেখেছি। জন কল্যাণে তাঁর মুখ পরিচিত হয়ে উঠেছে লকডাউনের সময় থেকেই। পরিজায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থায় ও শিক্ষা ব্যবস্থায় তিনি ব্যাপক সহযোগিতা করেছিলেন ওই সময়।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 05 , 2026









