বেশ কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনুরাগ ডোভাল। বিগ বস ১৭ খ্যাত এই প্রতিযোগী নানান অভিযোগ করেছেন সমাজ মাধ্যমে। অবিরাম হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন অনুরাগ। একাধিকবার জানিয়েছিলেন, আত্মহত্যা করবেন তিনি। শেষ পর্যন্ত শনিবার সমাজ মাধ্যমে লাইভ থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেন অনুরাগ ডোভাল। দিল্লি মেরঠ এক্সপ্রেসওয়েতে ১৫০ কিমি গতি বেগে গাড়ি চালাতে থাকেন তিনি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় তাঁর গাড়ি। তবে প্রাণে বেঁচে যান অনুরাগ। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।
দীর্ঘদিন ধরেই একাধিক অভিযোগ অনুরাগের। ভিনজাতের বিয়ে করায় হেনস্থার শিকার হন তিনি। শনিবার সরাসরি সম্প্রচারে এসে নিজের মাকে উদ্দেশ্য করে অনুরাগ বলেন, “মা, যদি পরের জন্মে তোমার কাছে আসি, তাহলে শুধুই ভালোবাসা দিও।” তারপরেই গাড়ির গতি বাড়িয়ে বলেন, “চলো! শেষ ড্রাইভে যাই”। এরপরই গাড়ি ছুটতে থাকে ১৫০ কিমি গতি বেগে। দুর্ঘটনার পর শেষ হয় ভিডিওটি। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে ভর্তি করেছেন আইসিইউ বিভাগে। সমাজ মাধ্যম থেকে অনুরাগের বিষয়ে জানতে পেরে হাসপাতালে ছুটে যান নেটপ্রভাবী দীপক কাঠুরিয়া। সেখান থেকে তিনি লাইভে আসেন। ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে অনুরাগ। অনুরাগের হাত ধরে দীপক বলে ওঠেন, “দ্বিতীয় জন্ম হলো আপনার। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে হাসুন।” মৃদু হাসি দেখা যায় অনুরাগের ঠোঁটের কোনায়। যাঁরা অনুরাগকে খুঁজে বার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান অনুরাগের সহকারী রোহিত পান্ডে। সমাজ মাধ্যমে তিনি বলেন, “আপনারা না থাকলে অনুরাগ প্রাণ ফিরে পেতেন না। আপনাদের জন্যই আমরা ওকে ফিরে পেলাম।”

অনুরাগের ভাই কামাল ডোভালের দাবি, অনুরাগ সবই করেন দৃষ্টি আকর্ষণের জন্য। তিনি আর বিবৃতিতে লেখেন, “আমি এক কথার মানুষ। সব প্রমাণ আমার সংবাদ চ্যানেলে দিয়েছি। সবাই নিশ্চিন্ত থাকুন। এটা ওর (অনুরাগ) রোজকার বিষয়। এক পক্ষের গল্প শুনিয়েছে আমার ভাই। কিন্তু সত্যিটা বলেনি।” কামালের দাবি স্ত্রী ঋতিকাকেও মারধর করেছেন অনুরাগ। এরপর তিনি জানান, “এইসব শোনার পরেও যদি মনে হয় আপনারা ওকে সমর্থন করবেন তাহলে, আপনারা অপরিণত।”
সমাজ মাধ্যমে অনুরাগ রাইডার নামে খ্যাত। অনুরাগের অভিযোগ ছিল ছোটবেলা থেকেই নাকি নানা হেনস্থার শিকার হয়েছেন তিনি বড় হবার পরেও হেনস্তার পরিমাণ নাকি কমেনি। সম্প্রতি, ভিনজাতের বিয়ে করার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। তাই তিনি বার বার আত্মহত্যার চেষ্টা করেছেন।
Tollyworld। Edited by: Priti Karmakar
Mar 08 , 2026









