Home Television শিশুশ্রমের অন্ধকার থেকে মুক্তির বার্তা, টালিগঞ্জ শান্তিপল্লির পুজো মণ্ডপে ‘মুক্তি’র আহ্বান

শিশুশ্রমের অন্ধকার থেকে মুক্তির বার্তা, টালিগঞ্জ শান্তিপল্লির পুজো মণ্ডপে ‘মুক্তি’র আহ্বান

6
0

শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং প্রতিটি শিশুর শিক্ষার অধিকার সুনিশ্চিত করার বার্তা নিয়ে এ বছর দুর্গাপুজোয় বিশেষ ভাবনায় সেজে উঠেছে টালিগঞ্জ শান্তিপল্লি পুজো সমিতি। এ বছরের পুজোর মূল ভাবনা ‘মুক্তি’। শিশুশ্রমের বেড়াজাল থেকে শিশুদের মুক্ত করে শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যেই এই উদ্যোগ। ‘শিক্ষার পক্ষে হ্যাঁ, শিশুশ্রমের বিরুদ্ধে না’—এই বার্তাকে সামনে রেখেই সাজানো হয়েছে এবারের পুজোর ভাবনা। ১২ অক্টোবর, সোমবার, নবীনা সিনেমা হলের বিপরীত গলিতে অবস্থিত টালিগঞ্জ শান্তিপল্লি পুজো সমিতির মণ্ডপে অনুষ্ঠিত হয় পুজোর উদ্বোধনী অনুষ্ঠান। ১৫এ, পূর্ণচন্দ্র মিত্র লেনের পুজো প্রাঙ্গণে এই আয়োজন ঘিরে ছিল বিশেষ আকর্ষণ। মণ্ডপের শিল্পী গোবিন্দ গিরি এবং আলোকসজ্জার দায়িত্বে রয়েছে চন্দননগরের নিউ এসবি ইলেকট্রিক।

WhatsApp Image 2026 10 13 at 7.12.59 PM 1

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ফুটবল জগতের দুই পরিচিত ব্যক্তিত্ব আলভিটো ডি’কুনহা এবং হোসে ব্যারেটো। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল শ্রমমন্ত্রী অর্জুন সিংকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় ক্রেসেন্ডো-র উদ্বোধনী নৃত্য পরিবেশনার মাধ্যমে। দেবরাজ ঘোষালের দলের এই পরিবেশনার পাশাপাশি সঙ্গীত পরিবেশনায় অংশ নেন অমিত গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা এবং জুন দাস।

WhatsApp Image 2026 10 15 at 12.49.45 PM

উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরাই টালিগঞ্জ শান্তিপল্লি পুজো সমিতির এবারের মূল উদ্দেশ্য। শিশুরা যেন শ্রমের বোঝা নয়, হাতে বই নিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়—‘মুক্তি’ থিমের মধ্য দিয়ে সেই স্বপ্নই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দুর্গাপুজোর মতো বৃহৎ সামাজিক উৎসবকে কাজে লাগিয়ে শিশুশ্রমের বিরুদ্ধে জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।

Tollyworld। Edited by: Priti Karmakar

Oct 15, 2026