সাত বছরের অভিনয় জীবনে দুটো ধারাবাহিকে নায়িকা হিসেবে দেখা গেছে অভিনেত্রী পল্লবী শর্মাকে। তবে প্রত্যেকটি ধারাবাহিকই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ইদানিং বেশির ভাগ ধারাবাহিক শেষ হচ্ছে অল্প দিনেই। তবে পল্লবীর অভিনীত প্রথম ধারাবাহিকটি চলেছিল পাঁচ বছর। আর দ্বিতীয় ধারাবাহিকটি চলেছিল আড়াই বছরেরও বেশি সময় ধরে। এবার নতুন গল্পে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন পল্লবী। তাঁর অভিনীত ধারাবাহিক গুলি জনপ্রিয় হয়ে ওঠার পেছনে কোন মন্ত্র কাজ করছে বলে জানালেন অভিনেত্রী?
এখনকার বেশিরভাগ ধারাবাহিকই টিআরপি’র কারণে বেশিদিন চলে না। কোনোটা শেষ হয়ে যায় আট মাসে আবার কোনটার মেয়াদ শেষ হয় তিন মাসেই। তাই পল্লবী অভিনীত ধারাবাহিক গুলি এত দিন চলার পেছনে কোন রহস্য লুকিয়ে, তা জানতেই হয়
অভিনেত্রীর কথায় , “আমার মনে হয় একটা কাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে নতুন কাজে ঝাঁপিয়ে পড়তে নেই। আমার প্রথম ধারাবাহিক চলেছিল ৫ বছর। পরেরটা সম্প্রচারিত হয়েছিল প্রায়ই আড়াই বছরেরও বেশি সময়। প্রতিদিন টানা ১৪ ঘণ্টা একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক সময় অজান্তেই আমরা সেই চরিত্রে যাপন শুরু করি। সেই খোলস থেকে বেরিয়ে আসা জরুরী।” অভিনেত্রী জানান প্রথম ধারাবাহিক শেষ হওয়ার প্রায় দুই বছর পর নতুন ধারাবাহিক শুরু করেছিলেন তিনি। সম্প্রতি, তাঁর অভিনীত ধারাবাহিক “নিম ফুলের মধু” শেষ হওয়ার প্রায় নয় মাস পরে নতুন কাহিনীতে দেখা যাবে পল্লবীকে। তাঁর মতে , “মানুষকেও আগের চরিত্র ভোলার সময় দিতে হবে। সেটা খুব জরুরী। তবে জানি না ঠিক কি কারনে ধারাবাহিক হিট হয়। তবে এই প্রক্রিয়া আমার জন্য খুব কাজ করে।”
Tollyworld। Edited by: Priti Karmakar
Jan 03, 2026









