বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দনার বিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। নানা রকম মন্তব্য এবং জল্পনা চলতেই থাকে এই তারকা জুটির বিয়ে নিয়ে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হবার কথা। তবে এই বিষয়ে তারকা জুটির কাছ থেকে কোনরকম বার্তা না পাওয়ায় জল্পনা ছিলই। অবশেষে দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে, অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালি পর্দার ‘গীতা গোবিন্দম’ জুটি বাঁধা পড়লেন এক সুতোয়। তবে তাঁরা একই দিনে দুইবার বিয়ে করছেন বলে শোনা যাচ্ছে। সকালেও বিয়ে আবার বিকেলেও। এমনটা কেনো ?

শোনা গেছিল, উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে জাঁকজমক বিয়ের আসর বসবে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দনার। অবশেষে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ঠিক সকাল ১০টা ১০ মিনিটে হিন্দু বৈদিক রীতি মেনে বিজয় ও রশ্মিকা একে অপরের গলায় মালাবদল করেন। বিয়ে উপলক্ষে উদয়পুরের বিলাসবহুল ওই প্রাসাদে আজ সকাল থেকেই ছিল জাঁকজমকপূর্ণ সাজসজ্জা। যেমনটা শোনা গেছিল ঠিক তেমনভাবেই, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের উপস্থিতিতেই সম্পূর্ণ হয়েছে বিয়ের অনুষ্ঠান। ঘনিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা , তরুণ ভাস্কর এবং শিব নির্বাণের মতো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। তবে সকালে বিয়ে সম্পন্ন হলেও শোনা যাচ্ছে বিয়ের আসর বসবে বিকেলেও। সকালে বিয়ে হয়েছে হিন্দু বৈদিক মতে। তবে বিকেলে ঠিক সাড়ে চারটেয় রশ্মিকার আদি বংশীয় রীতি অর্থাৎ কোডাভা রীতি অনুযায়ী আবারও অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। কর্নাটকের কুর্গ অঞ্চলের এই বিশেষ ঐতিহ্যের বেশে সেজে উঠবেন নবদম্পতি।

দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মান্দনা। তাঁদের অভিনয় মুক্ত করেছে সকল দর্শকমহলকে। যুগলের আলাপ হয়েছিল ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির শুটিং সেটে। এরপর ‘ডিয়ার কমরেড’ এ তাঁদের রসায়ন মন জয় করেছিল সকল দর্শক মহলের। নিজেদের সম্পর্ককে কখনো ক্যামেরার সামনে নিয়ে আসেননি এই তারকা জুটি। তবে তাঁদের সমাজ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবি ও ভিডিও দেখে যুগলের সম্পর্কের কথা বুঝে নিতে অসুবিধা হয়নি অনুরাগীদের। তবে সব জল্পনা কাটিয়ে নিজেরাই ভক্তদের এই সুখবর দেন। দক্ষিণী পর্দার জনপ্রিয় রোমান্টিক জুটিকে বিয়ের সাজে দেখতে চাতক পাখির মতো অপেক্ষা করছেন অনুরাগীরা। বিজয়-রশ্মিকাকে বিয়ের শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠির মাধ্যমে যুগলকে আশীর্বাদ দিয়েছেন, যা এই বিয়ের আভিজাত্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
Tollyworld। Edited by: Priti Karmakar
Feb 26 , 2026









