Home Sample ট্রেনের ধাক্কায় মৃত্যু মুখে রোহন! অভিনেতাকে ফেলে রেখে পালায় প্রোডাকশন টিম

ট্রেনের ধাক্কায় মৃত্যু মুখে রোহন! অভিনেতাকে ফেলে রেখে পালায় প্রোডাকশন টিম

8
0

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে এমনিতেই উত্তপ্ত টলিউড। রাহুলের মৃত্যুর বিচার চাইতে এবং ভবিষ্যতে অভিনেতা- টেকনিশিয়ানদের সুরক্ষার দাবিতে মঙ্গলবার কর্মবিরতি চলে এবং মিটিংও হয়েছে সারাদিন ধরে। এমতাবস্থায়, আগুনে ঘি ঢালার মতো এক বিস্ফোরক স্বীকারোক্তি করলেন রোহন ভট্টাচার্য। অভিনেতা মনে করিয়ে দিয়েছে ২০১২ সালে তাঁর জীবনে ঘটা এক শিউরে ওঠা ভয়ংকর দুর্ঘটনা। শুটিং করতে গিয়ে ট্রেনের ধাক্কা খেয়েছিলেন অভিনেতা। তখন দায়ভার নেওয়ার বদলে তাঁকে ফেলে রেখেই পালিয়ে ছিলেন প্রোডাকশনের লোকজন। আর্টিস্ট ফোরামের মিটিংয়ে আসতে না পারলেও অভিনেতার এই বিস্ফোরক স্বীকারোক্তি টলিউডের অন্দরের ক্ষোভকে আরোও জাগিয়ে তুলেছে।

image 14

শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ফোরামের মিটিংয়ে আসতে পারেননি অভিনেতা রোহন ভট্টাচার্য। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই তিনি এক বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন টলিউডের অভিনেতা-টেকনিশিয়ানদের সুরক্ষা নিয়ে। এই দিন টেকনিশিয়ান স্টুডিওতে হাজির ছিলেন অসংখ্য অভিনেতা ও অভিনেত্রী। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং ইম্পার সদস্যরা মিলে তৈরি করেছেন নতুন SOP (standard operating procedure)। অসুস্থতার কারণে স্টুডিওতে স্বশরীরে হাজির থাকতে না পারলেও, পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। ২০১২ সালে তাঁর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনায় হওয়া হাতের এক লম্বা কাটা দাগ দেখিয়ে তিনি জানিয়েছেন সেই শিউরে ওঠা ইতিহাস। সালটা ছিল ২০১২। সেই সময় আজকের মতো সক্রিয় ছিল না সোশ্যাল মিডিয়া। শুটিংয়ের সময় অসাবধানতার জেরে রোহনকে সজোরে ধাক্কা মারে দার্জিলিং মেল। রোহনের কথায় , “তখন ডিরেক্টোরিয়াল টিম বা টেকনিশিয়ানদের বেশিরভাগই ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তারা ভেবেছিল ট্রেনের ধাক্কার পর আমি আর বেঁচে নেই, দায় কেউ নেয় না।” এছাড়াও তিনি জানিয়েছেন, তাঁকে উদ্ধার করেছিলেন কিছু স্থানীয় মানুষজন এবং হাতেগোনা কয়েকজন টেকনিশিয়ান। অভিনেতার আক্ষেপ, সেদিন তিনি মারা গেলে সবাই ভাবতো হয়তো তিনি রেললাইনে ঘুরে বেড়াচ্ছিলেন। শুটিংয়ের কথা কেউ জানতেই পারতো না। রোহনের এই অভিজ্ঞতা প্রশ্ন তুলছে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সুরক্ষা নিয়ে।

Tollyworld। Edited by: Priti Karmakar

Apr 06, 2026