ভারতীয় বিনোদন জগত বছরের পর বছর ধরে অনেক প্রতিভাবান এবং লাবণ্যময়ী নারী প্লেব্যাক গায়িকাকে দেখেছে। কিন্তু কিংবদন্তী দুই বোন, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের ঐতিহ্যের সমকক্ষ খুব কমই আছেন। কয়েক দশক ধরে এই জুটি, সংগীত জগতে আধিপত্য বিস্তার করেছেন এবং নিরবে একটি পুরো যুগের সংগীতকে রূপ দিয়েছেন। কিন্তু গানের প্রতি তাদের আবেগের পাশাপাশি একটি জিনিস অপরিবর্তিত ছিল, সেটি হলো সাদা শাড়ির প্রতি তাদের ভালোবাসা। এই কিংবদন্তি দুই বোন প্রায়শই মার্জিত সাদা পোশাকে দেখা দিতেন। কিন্তু এর পেছনে আসল কারণ কি?

আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর দুজনেই বিশ্বাস করতেন যে সাদা রঙটি তাদের শ্যামবর্ণ সুন্দর ভারতীয় গাত্রবর্ণের সঙ্গে মানানসই এবং তাদের সামগ্রিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তাঁরা মনে করেছিলেন যে, গাঢ়তর রং তাদের আরো কালো দেখাতে পারে এবং সাদা রঙটি ছিল সূক্ষ্ম ও আরামদায়ক, যা ধীরে ধীরে তাদের সিগনেচার হয়ে ওঠে। অন্যদিকে, আশা ভোঁসলে মনে করতেন শাড়ি একটি অত্যন্ত শোভন পোশাক যা নারীর শারীরিক গড়নকে সুন্দরভাবে আবৃত করে, ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসে গভীরভাবে প্রথিত থাকায় তিনি মনে করতেন যে শাড়ি পরাটা ছিল প্রতিদিন সেই ঐতিহ্যকে উদযাপন করার একটি উপায়। তাঁর এটি পছন্দের আরেকটি কারণ ছিল, তাঁর ছেলে আনন্দ। যিনি তাঁকে শাড়ি পরলে অফুরন্ত প্রশংসায় ভরিয়ে দিতেন। যা তিনি সত্যিই খুব উপভোগ করতেন। তবে সময়ের সাথে সাথে আশা হালকা রঙের পোশাকও বেছে নিয়েছিলেন। বিশেষ ও রেড কার্পেট অনুষ্ঠানে প্রায়সই প্যাস্টেল রং এর বেনারসি ও কাঞ্জিভরম শাড়ি পরতেন। প্রসঙ্গত, ১২ এপ্রিল ৯২ বছর বয়সী আশা ভোঁসলে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Tollyworld। Edited by: Priti Karmakar
Apr 13, 2026









